রামুতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী স্পৃহা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শতবর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা। ‘গ’ বিভাগে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শতবর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রামু উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা। সে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা পর্যায়ের ‘গ’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে স্পৃহা তার সৃজনশীল চিন্তাভাবনা, নান্দনিক উপস্থাপন ও চিত্রাঙ্কনের দক্ষতার মাধ্যমে বিচারকদের প্রশংসা অর্জন করে প্রথম স্থান লাভ করে।
স্পৃহা ছোটবেলা থেকেই মায়ের উৎসাহ ও অনুপ্রেরণায় শিল্পচর্চা শুরু করে। নিয়মিত অনুশীলন, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে সে চিত্রকলার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায়ও অংশ নিয়ে আসছে।
স্পৃহার মা সাহেদা সুলতানা জানান, তাঁর মেয়ে জাতীয় দেয়ালিকা প্রতিযোগিতা, আর্ট বাংলাদেশ, সাহিত্য একাডেমি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, গণিত ও সাধারণ জ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে সে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে।
স্পৃহা মনে করে, একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চাকেও গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে সে।
স্পৃহার এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্পৃহা আরও সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে পরিবার।
এ অর্জন স্পৃহার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং রামু উপজেলার জন্যও গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সায়ীদাহ্ বিনতে সালাহ্ উদ্দিন স্পৃহা রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেছুয়াপালং এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী সালাহ উদ্দিন ও সাবেক শিক্ষিকা সাহেদা সুলতানা দম্পতির প্রথম সন্তান। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর বাবা-মা।
১১৪ বার পড়া হয়েছে