ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখ (৩৫) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।
বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে নগরকান্দায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
পরে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় আদালত সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করেন। এসব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
১১৬ বার পড়া হয়েছে