চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এই অপহরণের ঘটনায় জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সফল অভিযানের তথ্য জানিয়েছেন পুলিশ সুপার।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে রুবেল হোসেন ও নিপা খাতুন দম্পতির শিশুসন্তান নাফিজকে এক বোরকা পরিহিত নারী জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলে শিশুটির বাবা দ্রুত শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগের সূত্র ধরে তদন্তে নামে জেলা পুলিশের একাধিক দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার পরদিনই অর্থাৎ ২২ সেপ্টেম্বর হাজারবিঘী গ্রাম থেকেই মোসা. সুজিআরা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আটককৃত সুজিআরা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলায় অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে মো. মানিকুজ্জামান (৩২) নামের আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি অপহৃত শিশু নাফিজকে অক্ষত ও সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং উদ্ধার হওয়া শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে