বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের গণপরিবহনের ভাড়া বাড়ানোর ধারাবাহিকতায় নৌপথের যাত্রীভাড়াও বাড়ানো হয়েছে।
বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়টি জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ২০ পয়সা। এ ছাড়া লঞ্চে যাত্রীদের সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসের ভাড়াও বাড়ানো হয়। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
তবে এর আগে বিআরটিএ যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাস মালিকদের সংগঠনগুলো।
১২১ বার পড়া হয়েছে