সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪শ' শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০০ জন কৃতী শিক্ষার্থীকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করেছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। বুধবার শহরের পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবীদের এই অনন্য সম্মাননা দেওয়া হয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ জানান।
বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা সভায় অংশ নেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মহীদুল হাসান, সিরাজগঞ্জ বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন এবং সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন। বক্তারা এমন মহতী উদ্যোগের জন্য আব্দুস সাত্তার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও সুধীজন এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে