জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার সকালে অশ্বিনী কুমার হলচত্বরে আয়োজিত এই সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণবিরোধী সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
বরিশাল জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম। বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য বীরেণ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের উপাধ্যক্ষ হারুন অর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানান। তারা বলেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে গাড়িভাড়া, পণ্য পরিবহন ও কৃষিকাজের সেচ খরচ একলাফে কয়েক গুণ বেড়ে যাবে। এর প্রত্যক্ষ প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর, যা সাধারণ শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষকে চরম সংকটে ফেলবে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, নতুন সিদ্ধান্তের ফলে প্রতি লিটার ডিজেল ১৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৪.৮ শতাংশ বেড়ে ১২৫ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া পেট্রোল ১৬০ টাকা ও অকটেন ১৬২ টাকা করায় যাতায়াত ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ১১ বছরে প্রায় ৫২ হাজার কোটি টাকা মুনাফা করলেও কোনো আপৎকালীন তহবিল গঠন করেনি।
বিগত পাঁচ মাসে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করে বক্তারা অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট সমাধানের জোর দাবি জানান। অন্যথায় দেশজুড়ে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
১১৭ বার পড়া হয়েছে