কুড়িগ্রামে সার বিতরণ বিশৃঙ্খলায় কৃষি উপপরিচালককে ‘শাস্তিমূলক’ বদলি
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামে সার বিতরণে চরম বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির অভিযোগে অবশেষে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন। তাকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কুড়িগ্রাম কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়। গত মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছানোর পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, বিদায়ী কর্মকর্তাকে দ্রুততম সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ বা তাৎক্ষণিক অবমুক্তির আদেশ দেওয়া হয়েছে। বুধবার বিকেলের মধ্যে ঝিনাইদহে যোগ না দিলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে তিনি স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন। এই আদেশের পর তিনি অতিরিক্ত উপপরিচালক তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কুড়িগ্রাম ত্যাগ করেছেন।
এদিকে, কুড়িগ্রামের নতুন উপপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার খামারবাড়ির প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর। খুব শীঘ্রই তিনি তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ গণমাধ্যমকে এই বদলির খবর নিশ্চিত করে জানিয়েছেন, কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলির আদেশ কার্যকর হয়েছে। নতুন উপপরিচালক অবিলম্বে তার পদে যোগদান করবেন এবং সার বিতরণসহ কৃষি খাতের তদারকি জোরদার করবেন।
১২৯ বার পড়া হয়েছে