কুড়িগ্রামে চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রাজারহাটে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৮) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গোলাম রব্বানী উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী খামারপাড়া গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে অটোরিকশাটি বাড়িতে চার্জে বসিয়েছিলেন তিনি।
এলাকাবাসী জানান, ঘটনার দিন সকালে গোলাম রব্বানী তার ঘরের ভেতরে চার্জে থাকা অটোরিকশার প্লাগ খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুর্ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পাননি।
পরবর্তীতে দুপুরের দিকে পরিবারের লোকজন অটোরিকশার ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই চালকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে