সর্বশেষ

জাতীয়

ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের তেমন সুযোগ হবে না: হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা বৈঠকের তেমন সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের কর্মসূচি ও লক্ষ্য নিয়ে স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমের মুখোমুখি হয় বাংলাদেশ প্রতিনিধিদল। ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলের লবিতে রাত ৯টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চার দিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া। এ কারণে আলাদাভাবে এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনার তেমন সুযোগ হবে না।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে হুমায়ুন কবির আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন। তবে বিষয়টি দ্বিপক্ষীয়। দুই পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে এ বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন ডোনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে খুব শিগগির সাক্ষাতের প্রত্যাশার কথাও জানিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে দেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেখানে অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার সুযোগ নেই বললেই চলে। গণতান্ত্রিক উত্তরণের পর আগামী দিনের নতুন বাংলাদেশের রূপরেখা, নেতৃত্ব ও নীতিগত দৃষ্টিভঙ্গি বিশ্বমঞ্চে তুলে ধরাই সফরের মূল লক্ষ্য।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহর এবার তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেন, সনাতনী ধারা থেকে বেরিয়ে এবার অত্যন্ত সীমিত পরিসরে প্রতিনিধিদল গঠন করা হয়েছে। আনুষ্ঠানিক বহরে রয়েছেন মাত্র ৩৩ জন।

এর বাইরে নিরাপত্তাকর্মী, প্রয়োজনীয় গণমাধ্যমকর্মী এবং ব্যক্তিগত কয়েকজন কর্মী রয়েছেন বলে জানান মাহ্‌দী আমিন। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং বহুপক্ষীয় কূটনীতিতে দেশের স্বার্থ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই সফরসঙ্গীদের বহর সংক্ষিপ্ত রাখা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০