মোংলায় ‘ইয়াবা সম্রাজ্ঞী’ ফাতেমার রাজত্ব, অতিষ্ঠ এলাকাবাসী
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোংলার বুড়িডাঙ্গা সরকার মার্কেট এলাকায় গড়ে উঠেছে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের এক অন্ধকার সাম্রাজ্য। স্থানীয়দের অভিযোগ, ফাতেমা বেগম নামের এক নারী পুরো এলাকা জুড়ে ইয়াবার জাল বিছিয়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বুড়িডাঙ্গা সরকার মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকা একসময় সাধারণ মানুষের শান্ত কোলাহলে মুখরিত থাকত। তবে বর্তমানে এই এলাকাটি মাদক চোরাচালান ও নানা ধরনের অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগ, এই অপরাধ চক্রের মূল হোতা ফাতেমা বেগম, যিনি স্থানীয়ভাবে ‘ইয়াবা সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার স্বামীর নাম সোহাগ হাওলাদার। ফাতেমা নিজে মাদকাসক্ত হওয়ার পাশাপাশি পুরো এলাকায় ইয়াবা ও বিভিন্ন মরণঘাতী মাদকের এক বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছে। তার নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকজন খুচরা বিক্রেতা দিন-রাত বুড়িডাঙ্গা ও সংলগ্ন এলাকায় মাদক সরবরাহ করছে।
অনুসন্ধানে জানা যায়, মোংলা বাসস্ট্যান্ড এলাকাকে কেন্দ্র করে ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী অনৈতিক চক্র পরিচালনা করে আসছে। দিন দিন তার এই অপরাধমূলক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হচ্ছে। এর ফলে স্থানীয় স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং যুবসমাজ চরম বিপথগামী হয়ে উঠছে, যা অনেক অভিভাবকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই যদি পুলিশ ও স্থানীয় প্রশাসন কঠোর পদক্ষেপ না নেয়, তবে এখানকার তরুণ প্রজন্মকে মাদকের মরণ থাবা থেকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। এই মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
৩৫১ বার পড়া হয়েছে