কমিউনিটি পুলিশ কাবাডি: নাচোলকে হারিয়ে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর থানা
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনালে নাচোল থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার স্লোগান নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।
ঐতিহ্যবাহী লোকজ খেলাকে পুনরুজ্জীবিত করতে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবারের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে সদর মডেল থানা ৫৬-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে নাচোল থানাকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।
খেলা শেষে আয়োজিত জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদক, অপরাধ এবং মোবাইল আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে জেলা পুলিশের পক্ষ থেকে আরও বড় পরিসরে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১০৭ বার পড়া হয়েছে