ফরিদপুরে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি: কষ্টিপাথরের মূর্তিসহ স্বর্ণালংকার লুট
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী উত্তর কালীবাড়ী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে মূল্যবান কষ্টিপাথরের কালীমূর্তি এবং বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ফরিদপুর শহরের সদর হাসপাতালের পাশে অবস্থিত ২নং উত্তর কালীবাড়ী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাতে পূজা-অর্চনা শেষ করে মন্দিরের মূল ফটকে তালা লাগিয়ে চলে যান সেবায়েত দেবী প্রসাদ চক্রবর্তী। পরদিন রবিবার ভোরে মন্দিরে পুনরায় পূজা দিতে গিয়ে তিনি দেখতে পান লোহার গেট ও সাটারের সব তালা কাটা এবং দরজা খোলা পড়ে আছে।
মন্দির কর্তৃপক্ষের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চোরচক্র কষ্টিপাথরের কালীমূর্তি ছাড়াও দেবীর গায়ে থাকা প্রায় সাত ভরি স্বর্ণালংকার লুট করেছে। এছাড়া পিতলের বেশ কয়েকটি ছোট মূর্তি এবং মহাদেবের সঙ্গে থাকা আনুমানিক ৮ থেকে ১০ ভরি ওজনের রূপার গহনাও চুরি হয়ে গেছে।
খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কালীমূর্তির পায়ের পাতার অংশ এবং মহাদেবের একটি অংশ উদ্ধার করা হয়। তবে চুরি হওয়া অন্য মূল্যবান সামগ্রীর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডির একটি বিশেষ দলও কাজ শুরু করেছে।
১০৭ বার পড়া হয়েছে