নওগাঁয় ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রকৌশলী নিহত, মেয়ে আশঙ্কাজনক
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া বাজার এলাকায় ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
নিহত প্রকৌশলী রাশেদুজ্জামান (৪৩) নওগাঁ সড়ক বিভাগের পত্নীতলা সাব-ডিভিশনাল অফিসের অধীনে মহাদেবপুর উপজেলার সেকশনাল অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার এই বাসিন্দা বিগত প্রায় তিন বছর ধরে মহাদেবপুরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। ছুটির দিনে ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে তিনি নওগাঁ শহরে এসেছিলেন। কাজ শেষে সপরিবারে একটি রিজার্ভ করা সিএনজিতে চড়ে মহাদেবপুর ফিরছিলেন তারা।
পথিমধ্যে হাঁপামিয়া বাজার এলাকায় নওগাঁ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের সঙ্গে তাদের বহনকারী যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাশেদুজ্জামান মারা যান। এ সময় তার সাথে থাকা একমাত্র মেয়ে রুমাইসা জামান মারাত্মক জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় সদর হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি ঘটায় বর্তমানে তাকে ঢাকায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।
নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ সড়ক দুর্ঘটনায় সহকর্মীর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি সনাক্ত করতে চিরুনি অভিযান শুরু করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তরের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১১৭ বার পড়া হয়েছে