খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা: খুবির ৪ ছাত্রের বিরুদ্ধে মামলা
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলার তদন্তে নেমেছে পুলিশ। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমুল হোসেনকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা তিনটি সুনির্দিষ্ট বিষয়কে সামনে রেখে হরিণটানা থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহত আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনার শলুয়া গ্রামে। গত শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত পাশের একটি মেসে ভাত চুরির অপবাদ দিয়ে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
আজমুলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার রাতে তাঁদের কাছে ফোন করে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। পরিবার টাকা দিতে রাজি হলেও পরবর্তীতে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে স্বজনরা এসে হাসপাতালে আজমুলের মরদেহ দেখতে পান।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহার অনুযায়ী আজমুলকে চারতলার ছাদে নিয়ে বেধড়ক মারধর ও চুল কেটে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, নিহতের বাবা কুতুবউদ্দিনের এজাহারের ভিত্তিতে ৩০২ ও ৩৪ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এই মামলায় এজাহারনামীয় চারজন ছাড়াও আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তিনটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করছে। আজমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, অথবা তিনি নিজেই লাফ দিয়েছেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
১২০ বার পড়া হয়েছে