গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল নসিমন চালকের
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মো. ইব্রাহিম মোল্যা নামের এক নসিমন চালক নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইব্রাহিম মোল্যা (২৩) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের আব্দুল হাকিম মোল্যার ছেলে। তিনি রোববার দিবাগত শেষ রাতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে নসিমন চালিয়ে যাচ্ছিলেন।
ইব্রাহিম কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত বাস তার নসিমনটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
১১২ বার পড়া হয়েছে