কুষ্টিয়ায় বন্যাদুর্গতদের পাশে এমপি মুফতি আমির হামজা, সাড়ে ৬ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার অববাহিকায় বন্যাকবলিত তিনটি ইউনিয়নের সাড়ে ছয় হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শনিবার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে উপজেলার বিভিন্ন পয়েন্টে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার মোট ১০টি নির্দিষ্ট পয়েন্টে বন্যাদুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়। ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগে উপস্থিত ছিলেন স্থানীয় ও জেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সংসদ সদস্য মুফতি আমির হামজা ছাড়াও কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সহকারী সেক্রেটারি রবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুব মাজহার এবং দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বন্যাকবলিত দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, পদ্মার পানি বৃদ্ধির ফলে উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেক পরিবারই আশ্রয়হীন হয়ে পড়েছেন এবং চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন।
যদিও সাম্প্রতিক সময়ে পদ্মা নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ এখনো চরমে। পানি নামার সাথে সাথে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এবং বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট বন্যাকবলিত মানুষের অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৫০ বার পড়া হয়েছে