সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় আন্ধারমানিক সেতু পরিষ্কার করলেন কৃষকেরা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছায় আন্ধারমানিক সেতু পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন স্থানীয় ৫ কৃষক। ডেঙ্গুর প্রকোপ রোধ এবং জলাবদ্ধতা দূর করতে কৃষক কামাল গাজীর নেতৃত্বে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকদের এমন নিঃস্বার্থ ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কামাল গাজী। তার নেতৃত্বেই গত শনিবার সকালে আন্ধারমানিক নদীর ওপর নির্মিত সেতুর ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন পাঁচ কৃষক। সম্পূর্ণ নিজস্ব খরচে ও কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই তারা এই জনহিতকর কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সেতুর ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছিল। এতে ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারের ঝুঁকি বাড়ছিল। এই আশঙ্কা থেকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকেরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর তারা কলাপাড়া পৌর শহরের বিভিন্ন সড়ক ও ড্রেন পরিষ্কার করেছিলেন।

উদ্যোক্তা কৃষক কামাল গাজী বলেন, দেশকে পরিষ্কার ও সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। আমি আমার নিজের খরচে শহর ও সেতু পরিষ্কার করার কাজ করছি। ভবিষ্যতে এই কাজ আরও চালিয়ে যাব। সবাই যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে সমাজ সুন্দর হবে এবং ডেঙ্গুর মতো মারাত্মক রোগবালাই থেকে রক্ষা পাওয়া যাবে।

এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, কৃষক কামাল গাজী ও তার দলের এই স্বেচ্ছাশ্রম সত্যিই প্রশংসনীয়। নিজের উদ্যোগে ও নিজ খরচে পৌর শহর ও সেতু পরিষ্কারের এই মহৎ কাজকে আমরা সাধুবাদ জানাই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

কৃষকরা জানিয়েছেন, জনস্বার্থে তাদের এই পরিচ্ছন্নতা অভিযান আগামী আরও ১৫ দিন অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও কৃষকদের এমন সচেতনতামূলক কাজে অত্যন্ত অনুপ্রাণিত ও আনন্দিত।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০