কুষ্টিয়ায় ২০নং ওয়ার্ডে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক ব্যতিক্রমী মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কুষ্টিয়া পৌর এলাকার ২০নং ওয়ার্ডের কুমারগাড়া এলাকায় আয়োজিত এই বিশেষ মাদকবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন।
বক্তারা তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, মাদক কেবল কোনো ব্যক্তিকে নয়, বরং গোটা পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কেবল পুলিশ প্রশাসন বা আইন প্রয়োগ করে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়, এর জন্য পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, মাদক বর্তমানে আমাদের সমাজে এক বড় ব্যাধিতে পরিণত হয়েছে। এর ফলে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তিনি মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পাড়া-মহল্লায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টির তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, সমাজে লুকিয়ে থাকা মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সমাজকে সুন্দর করতে মাদককে সম্পূর্ণভাবে বয়কট করার কোনো বিকল্প নেই।
মাদক নির্মূল কমিটির আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌর ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও মাদক নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।
১০৫ বার পড়া হয়েছে