গোপালগঞ্জে পুলিশের অভিযান ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশি অভিযানে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা অবস্থান করছে এমন একটি গোপন খবর আসে পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করে।
পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার দুই ছেলে সুমন মোল্যা (২৪) ও তার সহোদর লিমন মোল্লা (২১)। এছাড়া একই উপজেলার ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সীকেও (৪৫) এই অভিযানে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত ডাকাতি মামলার ওয়ারেন্ট ঝুলছিল। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের দ্রুত আদালতে সোপর্দ করা হবে বলে ওসির পক্ষ থেকে জানানো হয়েছে।
১৩৭ বার পড়া হয়েছে