গোপালগঞ্জে রাইস কুকারে লাইন দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরের খাবার রান্নার জন্য বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূর নাম লামিয়া বেগম (৩০)। তিনি কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের হুমায়ুন খানের স্ত্রী। শুক্রবার বিকেলে ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দুপুরে রান্নাঘরে রাইস কুকারে ভাত বসানোর জন্য বৈদ্যুতিক লাইনে প্লাগ দিতে যান লামিয়া। অসাবধানতাবশত এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল হাসপাতাল পরিদর্শন করে। তবে পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০৯ বার পড়া হয়েছে