নরসিংদীতে সোনার চেইনের লোভে বৃদ্ধাকে হত্যায় গ্রেপ্তার ৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগম (৭৩) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির সময় চিনে ফেলায় সোনার চেইনের লোভে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। এই লোমহর্ষক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাধবদী থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—স্বর্ণনিগৈড় এলাকার হৃদয় মিয়া (২৭), কাদির মিয়া (২৭) ও আবু মিয়া (২৯)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাধবদী থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই সন্ধ্যায় স্বর্ণনিগৈড় এলাকায় নিজ বাড়ির বারান্দায় মাগরিবের নামাজ পড়ছিলেন জাহানারা বেগম। সেই সময় লোডশেডিংয়ের সুযোগ নিয়ে আসামিরা ঘরে প্রবেশ করে তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিদ্যুৎ চলে এলে বৃদ্ধা হামলাকারীদের চিনে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং চেইনটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, প্রায় সাত-আট মাস আগে একটি স্থানীয় মাদ্রাসায় বসে এই চুরির পরিকল্পনা করেছিল আসামিরা। ঘটনার পর নিহতের ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় হত্যা মামলা করেন। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
১২২ বার পড়া হয়েছে