সার্টিফিকেট নয়, শিক্ষার লক্ষ্য হোক আচরণ ও মূল্যবোধের বিকাশ: ডিসি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
শুধু জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো। ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এ কথা বলেন। তিনি শিক্ষকদের কেবল প্রশাসনিক প্রধান না হয়ে একজন আদর্শ নেতা হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ময়মনসিংহ শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, তরুণ প্রজন্মকে দোষারোপ না করে তাদের প্রতি আমাদের দায়িত্ব ও ব্যর্থতার জায়গাগুলো সবার আগে চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মূল্যবোধ বিকাশে শিক্ষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান নির্ধারণে কেবল পরীক্ষার ফলাফল বা বৃত্তিকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা না করার তাগিদ দেন। বাস্তব জ্ঞান, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে বিজ্ঞানচর্চা, বিতর্ক প্রতিযোগিতা, শিল্প-সংস্কৃতি, ক্রীড়া ও কুইজসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এর জন্য বড় কোনো বাজেটের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল সদিচ্ছা ও আন্তরিক উদ্যোগের।
শিক্ষার্থীদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ এবং পরিবেশ সচেতনতা গড়ে তুলতে 'ক্লিন সানডে' কর্মসূচির গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী 'শিক্ষা নগরী' তকমা ধরে রাখতে হলে শিক্ষার সার্বিক গুণগত মান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর। সভায় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রাথমিক শিক্ষার উন্নয়নে মাঠপর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
১০৫ বার পড়া হয়েছে