ফ্যাসিস্ট সরকারের স্বাস্থ্যখাত নিজেই রুগ্ন ছিল: খায়রুল কবির
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের স্বাস্থ্যখাতে নজিরবিহীন লুটপাট ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, চিকিৎসাসামগ্রী ক্রয়ের নামে বিপুল অর্থ লোপাট করে পুরো খাতকেই রুগ্ন করে ফেলা হয়েছিল। বুধবার নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নরসিংদী সদর হাসপাতালের মানোন্নয়ন ও চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খায়রুল কবির খোকন বিগত সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক দক্ষ চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়নি এবং বছরের পর বছর ওএসডি করে রাখা হয়েছিল।
খায়রুল কবির খোকন বলেন, বিদায়ী সরকারের মূল লক্ষ্যই ছিল লুটপাট, দুর্নীতি ও দলীয়করণ। চিকিৎসা সরঞ্জাম কেনার নামে কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। এর ফলে বহু দামি যন্ত্রপাতি হাসপাতালে সচল না করে বাক্সবন্দী করে ফেলে রাখা হয়েছিল, যা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছে।
বিএনপির এই নীতি নির্ধারক আরও বলেন, বর্তমানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছেন। নতুন বাংলাদেশে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়, সে লক্ষ্যে চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডা. এম এস এস হাসান আল জামী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নূরুল্লাহ আল মাসুদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বুলবুল কবীর, ড্যাবের সহ-সভাপতি ডা. এ কিউ এম মোবিন এবং ডা. আব্দুল্লাহ আল মাসুদসহ স্থানীয় চিকিৎসকরা।
১২১ বার পড়া হয়েছে