কুমিল্লায় ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। বুধবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।
নূর জাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী জোবায়ের হোসেন। তাঁদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। বিয়ের পর তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। বর্তমানে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগামী মাসেই তাঁদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।
নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন বলেন, গত শুক্রবার তাঁর স্ত্রীর সামান্য জ্বর আসে। এরপর ধীরে ধীরে তাঁর শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কুমিল্লায় চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
জোবায়ের হোসেন বলেন, ‘আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।’
বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়। একই সঙ্গে তাঁর গর্ভের অনাগত শিশুটিও মারা যায়।
নূর জাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত ভদ্র ও আন্তরিক ছাত্রী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বিভাগের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি অংশ নিতেন। তাঁর অকালমৃত্যুর সংবাদে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, বুধবার বাদ জোহর নূর জাহানের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক। কলেজ পরিবার তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে