সর্বশেষ

খেলা

আল-নাসরের বিশ্বরেকর্ড, রোনালদোর ১ হাজার গোলের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আল-খালিজের সঙ্গে ১–১ গোলে ড্র করেও বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর। টানা ৯৪ ম্যাচে গোল করার কীর্তি গড়ে প্রায় ৯০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি।

সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে মাঠে নেমে পয়েন্ট হারিয়েছে আল-নাসর। তবে ম্যাচের ফলের হতাশার মধ্যেও ক্লাবটির জন্য দিনটি হয়ে উঠেছে ঐতিহাসিক। টানা ৯৪ ম্যাচে অন্তত একটি গোল করার কীর্তি গড়ে বিশ্ব ফুটবলে নতুন রেকর্ডের মালিক হয়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি।

এর আগে শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ডটি ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের। ১৯৩৩ থেকে ১৯৩৬ সালের মধ্যে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল তারা। আল-খালিজের বিপক্ষে ম্যাচে গোল করে সেই রেকর্ড ছাড়িয়ে যায় আল-নাসর।

ম্যাচের ৭২তম মিনিটে আল-নাসরের হয়ে গোলটি করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই সমতায় ফেরে দলটি এবং নিশ্চিত হয় টানা ৯৪ ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড।

আল-নাসরের এই গোলযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালে সৌদি ফুটবলে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা তিনি। আল-নাসরের হয়ে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে ১০৫ গোল করেছেন রোনালদো।

টানা গোল করার এই রেকর্ডযাত্রার শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। আল-হিলালের কাছে ৩–০ গোলে হারের পরের ম্যাচে আল-রিয়াদকে ৪–১ গোলে হারায় আল-নাসর। এরপর থেকেই টানা গোল করে আসছে দলটি।

তবে রেকর্ড গড়ার ম্যাচে কাঙ্ক্ষিত জয় পায়নি আল-নাসর। লিগের অবনমন অঞ্চলের ঠিক ওপরে থাকা আল-খালিজের বিপক্ষে ১–১ গোলে ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে তারা। এই ড্রয়ের ফলে লিগ টেবিলে তিন নম্বরে নেমে গেছে আল-নাসর। শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে দুই পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা আল-ইত্তিহাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।

এদিকে রোনালদোর ক্যারিয়ার নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৪১ বছর বয়সী এই তারকা ইঙ্গিত দিয়েছেন, চলতি মৌসুমই তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে।

তবে অবসরের আগে বড় একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন রোনালদো। পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোল করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তাঁর অফিশিয়াল গোলসংখ্যা ৯৭৯। অর্থাৎ ঐতিহাসিক এই মাইলফলক থেকে আর ২১ গোল দূরে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০