কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘কিং চান্দা’ মাছ, দেখতে ভিড়
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক ‘কিং চান্দা’ মাছ। বাদুড় আকৃতির অদ্ভুত দেখতে ৩ কেজি ওজনের এই মাছটি মহিপুর মৎস্য বাজারে তোলার পর কৌতুহলী মানুষের ভিড় জমে। পরবর্তীতে আকর্ষণীয় মূল্যে মাছটি স্থানীয় একটি রেস্তোরাঁ কিনে নেয়।
সোমবার সকালে মহিপুর মৎস্য বন্দরে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয়। স্থানীয়দের কাছে ‘কিং চান্দা’ নামে পরিচিত এই সামুদ্রিক মাছটির পিঠ ও পেটের পাখনা বেশ চ্যাপ্টা এবং গোলাকার, যা দেখতে অনেকটা উড়ন্ত বাদুড়ের মতো।
তিন কেজি ওজনের এই বিরল মাছটি প্রতি কেজি ৭৫০ টাকা দরে মোট ২ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি প্রথমে ‘রিপন ফিশ’ নামের একটি আড়তে আনা হয় এবং পরে ‘আল-আমিন ফিশ বারবিকিউ’ নামক কুয়াকাটার একটি ফ্রাই শপ এটি কিনে নেয়।
জেলে জামাল জানান, গভীর সাগরে সচরাচর এই ধরনের মাছ জালে আটকায় না। অদ্ভুত আকৃতির এই মাছটি জালে ওঠার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে এই মাছটিকে ‘লংফিন ব্যাটফিশ’ বা ‘টেইরা ব্যাটফিশ’ বলা হয়, যার বৈজ্ঞানিক নাম ‘প্লাট্যাক্স টেইরা’ (Platax teira)। সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপে এদের উপস্থিতি দেখা গেলেও কুয়াকাটা উপকূলে এর আগমন সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ইতিবাচক লক্ষণ।
১০৬ বার পড়া হয়েছে