ময়মনসিংহে লোকজ মেলায় সুরের মূর্ছনা: জয়নুল উদ্যানে গুরু-শিষ্যের পালাগান
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
নজরুল বর্ষ উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলায় ঐতিহ্যবাহী পালাগান পরিবেশিত হয়েছে। হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জেলা প্রশাসন এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে। শুক্রবার নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে দর্শকশ্রোতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলার প্রথম দিনে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের পরিবেশনায় ঐতিহ্যবাহী 'গুরু-শিষ্য' পালাগান উপস্থাপিত হয়। এতে শিষ্যের ভূমিকায় বাউল মো. হাফিজ উদ্দিন এবং গুরুর ভূমিকায় বাউল স্বদেশ তালুকদার তাঁদের অনন্য পরিবেশনার মাধ্যমে পুরো আসর জমিয়ে তোলেন। তত্ত্ব, শরিয়ত-মারফত ও জীবনদর্শনের ওপর ভিত্তি করে তাঁদের গানের লড়াই সাংস্কৃতিকপ্রেমী দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।
বৃহত্তর ময়মনসিংহের গ্রামীণ জনপদের লোকজ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পালাগান প্রচার ও পৃষ্ঠপোষকতার অভাবে বর্তমানে বিলুপ্তির পথে। শহরাঞ্চলে এর চর্চা প্রায় বন্ধ বললেই চলে। এমন প্রেক্ষাপটে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সাংস্কৃতিক মেলা ঐতিহ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, সরকারি ও সামাজিক পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে হারিয়ে যাওয়া এসব লোকজ ঐতিহ্য আবার ঘুরে দাঁড়াবে। নিয়মিত প্রদর্শনী ও সরকারি সহায়তার মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ভাণ্ডারকে পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
১০৯ বার পড়া হয়েছে