সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এবং অন্যজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার ভাবড়াশুর ও মধ্য বনগ্রাম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ। নিহত গৃহবধূরা হলেন ভাবরাশুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী মিম বেগম (২২) এবং একই উপজেলার মধ্য বনগ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী শামসুন্নাহার রেশমা (৩০)।

পুলিশ জানায়, চার বছর আগে ভালোবাসার সম্পর্কের পর মিমের সঙ্গে তারিকুল ইসলামের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাদের সংসারে নানা কারণে পারিবারিক কলহ লেগেই থাকত। ঘটনার দিন সকালে মিমকে শ্বশুরবাড়ির লোকজন বেধড়ক মারধর করে বলে প্রতিবেশীরা অভিযোগ করেন। পরে তারিকুল এক প্রতিবেশী নারীকে ঘরে গিয়ে তার স্ত্রীর খোঁজ নিতে বলেন। ওই নারী ঘরে ঢুকে মিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই ঘটনার পর থেকেই স্বামী তারিকুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে গেছেন।

অন্যদিকে, উপজেলার মধ্য বনগ্রাম এলাকায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শামসুন্নাহার রেশমা নামের আরেক গৃহবধূর মরদেহ দেখতে পান তার স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই দুটি ঘটনার বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০