পুলিশ কনস্টেবল রওশন আলীকে রাজকীয় বিদায়
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ৩৯ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনের ইতি টানলেন সিপাহী রওশন আলী। তাঁর এই গৌরবময় অবসরকে স্মরণীয় করে রাখতে জেলা পুলিশ ও সহকর্মীরা আয়োজন করে এক রাজকীয় বিদায় সংবর্ধনার। অশ্রুসজল বিদায়লগ্নে সুসজ্জিত পুলিশ ভ্যানে চড়ে তিনি ফিরলেন নিজের গ্রামের বাড়িতে।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ সদস্য রওশন আলীর সুদীর্ঘ চাকুরিজীবনের সমাপ্তি ঘটলো এক অনন্য ও রাজসিক আবহে। ৫৯ বছর বয়সে পদার্পণ করা এই সৎ ও নিষ্ঠাবান কর্মীকে রবিবার দুপুরে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয়।
এনায়েতপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেনসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা। সহকর্মীরা তাকে ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে শ্রদ্ধা জানান। কর্মজীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের এমন ভালোবাসা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
বিদায় পর্ব শেষে তাকে শাহজাদপুরের নিজ বাড়িতে পাঠানোর জন্য প্রস্তুত করা হয় একটি সুসজ্জিত পুলিশ পিকআপ ভ্যান। মোটরসাইকেলের এক বিশাল শোভাযাত্রা সহকারে পুলিশ সদস্যরা তাকে পৌঁছে দেন নিজ গন্তব্যে। এই বিদায়লগ্নে রওশন আলী তাঁর সহকর্মী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রওশন আলী ছিলেন অত্যন্ত সরলপ্রাণ ও পিতৃতুল্য একজন মানুষ। তাঁর সততা এবং নিষ্ঠা নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে। এমন একজন সৎ সহকর্মীকে যথাযথ মর্যাদায় বিদায় জানাতে পেরে পুরো থানা পরিবার গর্বিত।
১৫৮ বার পড়া হয়েছে