সর্বশেষ

সারাদেশ

শেখ হাসিনা আর ফিরবে না, ফেরাতে চক্রান্ত করছে জামায়াত: রাশেদ খান

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী চক্রান্ত করছে। তিনি বলেন, শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি শহীদ আবরাবের চেতনা ধারণ করে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন বিএনপির এই নেতা। জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক ভূমিকা নিয়ে কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ দেশে যে গণহত্যা চালিয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। জাতিসংঘও এই গণহত্যার কথা বলেছে। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা পুনরায় দেশে ফেরার চেষ্টা চালাচ্ছেন এবং তাকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামী পরোক্ষভাবে সহযোগিতা করছে বলে তিনি দাবি করেন।

দেশের জ্বালানি সংকটকে পুঁজি করে জামায়াত বা ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এই সংকট একটি জাতীয় সমস্যা। এমন সময়ে লংমার্চের নামে রাষ্ট্রকে অশান্ত করলে তা কেবল পতিত আওয়ামী লীগকেই সুবিধা দেবে। তিনি জামায়াতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাশেদ খান বলেন, আবরার ফাহাদের চেতনা আজ বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। খুনি হাসিনা ও অন্যান্য আসামিদের হস্তান্তরের বিষয়ে ভারত তাদের অবস্থান পরিষ্কার না করলে দেশের শীর্ষ নেতৃত্ব সেখানে সফর করবেন না। অতীতের দাসত্বসুলভ সম্পর্ক ছিন্ন করে দিল্লির সঙ্গে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কবর জিয়ারতের সময় শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০