গণতন্ত্র হোঁচট খেলেই বাংলাদেশের উন্নয়ন স্তব্ধ হয়ে যায়: মুরাদ
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই উন্নয়ন ও সমৃদ্ধির পথ অবরুদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অগ্রণী ভূমিকা পালন করেছে।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ধামরাই উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।
এই কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধামরাই উপজেলা চত্বরে এসে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর অবদান অবিস্মরণীয়।
তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। দেশের মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের লড়াইয়ে বিএনপি সবসময় সামনের সারিতে থেকেছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাইদুল হক জাহিদসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
১০৮ বার পড়া হয়েছে