গোপালগঞ্জে খাবারের বিল নিয়ে রেস্তোরাঁয় ভাঙচুর
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি হাইওয়ে রেস্তোরাঁয় খাবারের বিল দেওয়াকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর জের ধরে স্থানীয় এক নেতার নেতৃত্বে রেস্তোরাঁটিতে ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যার ফলে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে চরপ্রসন্নদী এলাকায় অবস্থিত ‘বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে’ এই ভাঙচুরের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চার-পাঁচজন ক্রেতা ওই রেস্তোরাঁয় নৈশভোজ করতে যান। খাবার শেষে বিলের পরিমাণ নিয়ে ক্যাশিয়ারের সাথে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।
বিলের বাকবিতণ্ডার জেরে স্থানীয় রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল লাঠিসোঁটা নিয়ে রেস্তোরাঁয় চড়াও হয়। হামলাকারীরা হোটেলের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ারসহ মূল্যবান আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে।
রেস্তোরাঁর মালিক এ এস এম মামুন দাবি করেন, হামলায় হোটেলের অন্তত ১০ থেকে ১৫ জন স্টাফ আহত হয়েছেন। এছাড়াও হামলাকারীরা ক্যাশ থেকে নগদ প্রায় ২০ লাখ টাকা লুট করেছে এবং এতে তাদের মোট ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সিন্দ্রিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের তিন কর্মচারীকে পুলিশি হেফাজতে নেয়। ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
১২০ বার পড়া হয়েছে