চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দি ১১শ' পরিবারে চাল বিতরণ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনটি ইউনিয়নের পানিবন্দি ১ হাজার ১০০টি পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুর্গতদের পাশে দাঁড়ানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ সময় বন্যা দুর্গত এলাকার প্রতিটি পরিবারের হাতে ১৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে ইউএনও জানান, চালের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য জরুরি খাবার স্যালাইন, সুপেয় পানি ও শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুর্গতদের নিরাপদ আশ্রয়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারত থেকে নেমে আসা উজানের ঢলের কারণে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী তীরবর্তী নিচু এলাকা, চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত ৬টি ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবার নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা নদীর পানি বর্তমানে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি বৃদ্ধি পাওয়ার আর কোনো আশঙ্কা নেই এবং এরপর থেকে পানি ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে।
১৩৯ বার পড়া হয়েছে