শিবগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশি অভিযানে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনা এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমানের তত্ত্বাবধানে মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাসসহ পুলিশের একটি বিশেষ দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ থানাধীন কালপুর মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলাম ফলেনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে কমলা রঙের ১১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার তারাপুর খাট্রাশপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৪৩) এবং সাহাপাড়া ভবানীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
১২৪ বার পড়া হয়েছে