নেত্রকোণার মদনে পারিবারিক কলহে ছেলের হাতে বাবা খুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে এলাহি (৬০) নামের এক বাবা খুন হয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক ছেলে ইয়াসিনকে (২০) গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
নেত্রকোণার মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত এলাহি মিয়া ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ইয়াসিন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি ঘর থেকে ধারালো দা নিয়ে এসে নিজের বাবার ওপর অতর্কিত হামলা চালান এবং তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে এলাহি মিয়া রক্তাক্ত ও গুরুতর জখম হন।
রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করতে সক্ষম হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
১২২ বার পড়া হয়েছে