মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল মুন্সীগঞ্জ থানাধীন হোগলাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল হোগলাকান্দি আমতলা সংলগ্ন মুন্সীরহাট থেকে চরডুমুরিয়াগামী রাস্তার পাশে অভিযান চালায়। সেখানে হেবু শেখের মার্কেটের সামনের পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে দেলোয়ার হোসেন ওরফে দেলুকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মুন্সীগঞ্জ সদরের ভিটি হোগলাকান্দি এলাকার মৃত কালাচাঁন বেপারীর ছেলে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের দমনে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে।
১২৩ বার পড়া হয়েছে