স্থানীয় নির্বাচনে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের ক্ষেত্রে পুলিশকে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কমিশনের পাশাপাশি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
বুধবার ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে এ দায়িত্ব পালনে পুলিশেরও আইনগত ও সাংবিধানিক ভূমিকা রয়েছে।
তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকেও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমান অবস্থা খারাপ নয়। পুলিশের সক্ষমতার ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে দলীয় সরকার ক্ষমতায় থাকায় পুলিশ নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে চাপমুক্ত থাকবে কি না—এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার থাকলেও এটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
আইজিপি আরও বলেন, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে এবং নির্বাচনকে সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কী ধরনের অগ্রগতি হয়েছে—এমন প্রশ্নের জবাবে আইজিপি দাবি করেন, এ ক্ষেত্রে পুলিশের সাফল্য শতভাগ।
১১১ বার পড়া হয়েছে