জাতিসংঘের বাইরে কারও নির্দেশনা নেব না: খলিলুর রহমান
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় সংস্থাটির বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে নির্দেশনা নেবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সনদ ও সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধি অনুসরণ করে তিনি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শপথ গ্রহণের সময় তিনি এসব কথা বলেন।
শপথবাক্যে খলিলুর রহমান বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করবেন। জাতিসংঘের সনদ এবং সাধারণ পরিষদের সভাপতির আচরণবিধির আলোকে তিনি শুধু জাতিসংঘের স্বার্থে দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করেন।
খলিলুর রহমান বলেন, দায়িত্ব পালনের বিষয়ে জাতিসংঘের বাইরে কোনো সরকার বা অন্য কোনো উৎস থেকে তিনি নির্দেশনা চাইবেন না বা গ্রহণ করবেন না।
সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেছেন খলিলুর রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রায় চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে আবারও কোনো বাংলাদেশি দায়িত্ব পেলেন।
এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। এদিন রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে সাধারণ বিতর্কের আনুষ্ঠানিক সূচনা হবে।
১০৮ বার পড়া হয়েছে