২০২৮ সালের নির্বাচনে লড়ার কথা ভাবছেন হান্টার বাইডেন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উড়িয়ে দেননি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের নিয়েও নিজের মতামত জানিয়েছেন হান্টার।
গত রোববার, ৬ সেপ্টেম্বর, ‘দ্য ক্যাটস রাউন্ডটেবল’ অনুষ্ঠানে হান্টার বাইডেনের কাছে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চান উপস্থাপক জন ক্যাটসিমাটিডিস। জবাবে হান্টার বলেন, তিনি এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেননি।
তবে সাক্ষাৎকারের অন্য এক পর্যায়ে একই প্রসঙ্গ উঠলে উপস্থাপকের সমর্থনের কথা উল্লেখ করে হান্টার বলেন, ‘আপনার সমর্থন পেলে আমাকে হয়তো লড়তেও হতে পারে।’
২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়েও কথা বলেন হান্টার বাইডেন। তাঁর ভাষ্য, দলটিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অনেক সম্ভাবনাময় নেতা রয়েছেন।
সম্ভাব্য প্রার্থী হিসেবে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার ও ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকারের নাম উল্লেখ করেন তিনি। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলেও জানান হান্টার।
গ্যাভিন নিউজম এরই মধ্যে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে সিবিএস নিউজের সাংবাদিক রবার্ট কস্তার সঙ্গে এক সাক্ষাৎকারে নিউজম বলেছিলেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে নামার কথা বিবেচনা করছেন না বললে তিনি মিথ্যা বলবেন।
ডেমোক্র্যাট দলের সম্ভাব্য অন্য প্রার্থীদের মধ্যে জর্জিয়ার সিনেটর জন অসফ, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগিগের নামও আলোচনায় রয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন, সে প্রসঙ্গে হান্টার বলেন, ভবিষ্যতের প্রেসিডেন্টকে অবশ্যই আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে মার্কিন সংবিধানভিত্তিক প্রজাতন্ত্র এবং সাধারণ মার্কিন নাগরিকদের আকাঙ্ক্ষার ওপর আস্থা রাখার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এদিকে গত আগস্টে এমারসন কলেজ ও দ্য হিলের একটি জরিপে ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের জনপ্রিয়তার চিত্র উঠে আসে। ওই জরিপে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তুলনায় সামান্য এগিয়ে ছিলেন গ্যাভিন নিউজম।
সাক্ষাৎকারে নিজের মাদকাসক্তির সমস্যার কথাও খোলাখুলিভাবে বলেন হান্টার বাইডেন। তিনি জানান, বর্তমানে তাঁর অন্যতম প্রধান উদ্বেগ আসক্তির সমস্যায় ভুগছেন এমন প্রায় পাঁচ কোটি মার্কিন নাগরিককে নিয়ে। হান্টারের দাবি, সম্প্রতি তিনি মাদকমুক্ত থাকার সাড়ে সাত বছর পূর্ণ করেছেন।
১১৯ বার পড়া হয়েছে