জ্বালানি সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের চলমান জ্বালানি সংকটে ভোগান্তির জন্য সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট দেশের সবচেয়ে বড় সমস্যা। এ সংকট মোকাবিলায় সরকার কর্মপরিকল্পনা নিয়েছে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষকে যে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে, সে জন্য তিনি দুঃখিত। সংকট মোকাবিলায় সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের সংকট আবারও দেখা না দেয়, সে বিষয়েও কাজ করা হচ্ছে।
আলোচনা সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বৈরাচার ও অন্তর্বর্তী আমলের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
তারেক রহমান বলেন, প্রত্যেকেরই নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে—এমন কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে, গুপ্ত অবস্থায় কোনো কর্মকাণ্ড পরিচালনা করেনি। তাঁর দাবি, স্বৈরাচারী আমলে একটি দল গুপ্ত অবস্থানে ছিল। এখন তারা প্রকাশ্যে এসে নিজেদের পরিচয় দিচ্ছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গুপ্ত অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যে স্বৈরাচারের কেউ লুকিয়ে থেকে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। যারা গুপ্ত অবস্থানে ছিল, তারাই এখন স্বৈরাচারকে সামনে আনার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। কে কাকে আড়াল করতে চাইছে, তা জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিএনপির নির্বাচনী ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করবে। তিনি একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
একই সঙ্গে মানুষের দুর্ভোগ কমাতে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের সংকট মোকাবিলায় জনগণের পাশে থেকে কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় দলের জ্যেষ্ঠ নেতারা এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
১২২ বার পড়া হয়েছে