শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ আশঙ্কাজনক
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ এবং বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে রান্নাঘরের টিনের চালা। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই ককটেলগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল।
শনিবার দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৪০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে ফারুক ছৈয়ালের স্ত্রী রোকেয়া রান্নাঘরে প্রবেশ করার পরপরই সেখানে মজুত রাখা বোমাসদৃশ ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রান্নার ঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে এবং পার্শ্ববর্তী দুটি বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ও স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য তমিজ খাঁ এবং স্থানীয় বিএনপি নেতা রেজাউল শিকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে গত আগস্ট মাসেও দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং এক বৃদ্ধ মারা যান। আজকের বিস্ফোরণস্থল ফারুক ছৈয়ালের বাড়িটি বিএনপি নেতার সমর্থকের বলে পরিচিত।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল। কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেলগুলো জমা করেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১১২ বার পড়া হয়েছে