বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায়
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার শিবগঞ্জে সড়কে হঠাৎ চলে আসা এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। আহত হয়েছেন ওই বৃদ্ধা নারীও।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারি সফরে তাঁর সংসদীয় আসন জয়পুরহাট-২-এর উদ্দেশে ঢাকা থেকে যাচ্ছিলেন। এ সময় গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামের এক বধির বৃদ্ধা নারী হঠাৎ সড়কে চলে আসেন।
তাঁকে বাঁচাতে গাড়ির চালক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী সামান্য আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর সহধর্মিণীও ছিলেন।
এদিকে দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪৪ বার পড়া হয়েছে