মন্ত্রী হিসেবে প্রথম বান্দরবান সফর, সাচিং প্রু জেরিকে উষ্ণ অভ্যর্থনা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বান্দরবানে আগমনে সাচিং প্রু জেরি এমপিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিবার। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকীর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এই সময় পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে মন্ত্রীর বিশেষ অবদানের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও তরুণদের দক্ষ করে গড়ে তুলতে মন্ত্রীর দূরদর্শী ভূমিকার কথা এ সময় স্মরণ করা হয়।
বর্ণাঢ্য এই অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম এবং রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সাচিং প্রু জেরির বলিষ্ঠ নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের উচ্চশিক্ষা খাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে অনগ্রসর পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টিতে তার মন্ত্রিত্ব এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
১৩২ বার পড়া হয়েছে