যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে: নাটোরে দুলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যারা বিএনপিকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারাই রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে।
মঙ্গলবার সকালে নাটোর জেলা বিএনপির উদ্যোগে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও তৃণমূলের নেতাকর্মীদের ভালোবাসায় বিএনপি আজ একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
১২৬ বার পড়া হয়েছে