গোপালগঞ্জে বাসের চাপায় কলেজছাত্র নিহত
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত তরুণের নাম হামিম মল্লিক (২২)। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরার মিল্টন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হামিম মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের গদাইখালি গ্রামের ইলিয়াছ মল্লিকের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে চাপা দেয়। বাসের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হামিমের করুণ মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়েই কাশিয়ানী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
১১৬ বার পড়া হয়েছে