রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৭ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরের এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে নিঃস্ব হয়ে গেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিমগাছী বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ ও তাড়াশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সোলেমান তালুকদারের ওষুধের দোকান, হায়দার আলীর পান-সিগারেটের দোকান, দিগেনন্দ্রনাথ সরকারের ফলের দোকান, সাধন কুমার সরকারের জুয়েলারি দোকান এবং ক্ষুদুরাম সরকার, আতাউর ও আব্দুল্লাহর ফলের দোকান। আগুনে পুড়ে দোকানগুলোর সমস্ত মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
১১৪ বার পড়া হয়েছে