মোংলায় ঘরের ভেতর তল্লাশি: ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইমরান গ্রেপ্তার
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় পুলিশি অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. ইমরান খান (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার জয় বাংলা সড়ক এলাকার নিজ বাড়ি থেকে রোববার তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
মোংলা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার জয় বাংলা সড়ক এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানের খবর পায় পুলিশ। এরপর পুলিশের একটি বিশেষ দল ওই এলাকার আবু সিদ্দিক খানের ছেলে ইমরান খানের বসতঘরে ঝটিকা তল্লাশি অভিযান চালায়।
তল্লাশিকালে আসামির হেফাজত থেকে অবৈধ ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোংলাকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ অভিযান চালানো হয়েছে। মাদকবিরোধী এ ধরণের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, ধৃত মাদক ব্যবসায়ীকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদেরও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি।
১৫৭ বার পড়া হয়েছে