নওগাঁয় থানায় যত্নে লালন-পালন হওয়া সেই ৬টি গরু উঠছে নিলামে
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর থানায় দীর্ঘ দিন ধরে পুলিশি পাহারায় লালন-পালন হওয়া বাছুরসহ ছয়টি চোরাই গরু অবশেষে প্রকাশ্য নিলামে বিক্রি করা হচ্ছে। প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় আদালতের নির্দেশে আগামী ৩০ আগস্ট থানা প্রাঙ্গণে এই নিলাম অনুষ্ঠিত হবে। নাটোর ও নওগাঁর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করেছিল পুলিশ।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে নওগাঁর রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এরপরই পুলিশ সুপারের নির্দেশে একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের নলডাঙ্গা থেকে কুখ্যাত গরু চোর আসলামকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব।
পরে আসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের অসিত নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধারসহ অসিতকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে একটি গর্ভবতী গাভি ছিল।
উদ্ধারের পর গরুগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আদালতের নির্দেশনায় সেগুলোকে রাণীনগর থানা প্রাঙ্গণে রাখা হয়। সেখানে চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে সার্বক্ষণিক গরুগুলোর দেখভাল করা হচ্ছিল। এরই মধ্যে গর্ভবতী গাভিটি একটি এঁড়ে বাছুরের জন্ম দেয়। বর্তমানে বাছুরসহ ছয়টি গরুই সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর এবার গরুগুলো নিলামে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় থানা প্রাঙ্গণে এই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। শর্তসাপেক্ষে যেকোনো ব্যক্তি এই নিলামে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।
১৪৮ বার পড়া হয়েছে