মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মিন্টু মন্ডল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেলে শহরের ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলাজুড়ে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট বিকেল ৪টা ২০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে স্থানীয় সবুর খানের ওয়ার্কশপের সামনের পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে মো. মিন্টু মন্ডলকে (৪২) আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মিন্টু মন্ডল জেলার মালিপাথর এলাকার মৃত বাছেদ মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে