সারের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে সারের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও যারা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ায় বিএডিসি ও বিসিআইসির সার গোডাউন আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একই সঙ্গে তিনি কৃষকদের অযথা আতঙ্কিত হয়ে আগাম সার মজুত না করারও আহ্বান জানিয়েছেন।
বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গোডাউন পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি স্পষ্ট জানান, ডিলার বা ব্যবসায়ী পর্যায়ে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে প্রশাসন তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেবে।
সার্বিক পরিস্থিতি তদারকির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ডিলারদের যাবতীয় সমস্যা সমাধান ও মাঠপর্যায়ের নজরদারিতে এই কমিটি কাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত এই কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলুও রয়েছেন।
সারাদেশে ডিলার পরিবর্তনের যে তথ্য ছড়িয়েছে, তাকে ভিত্তিহীন গুজব বলে আখ্যা দেন মীর শাহে আলম। তিনি নিশ্চিত করেন, নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান ডিলাররাই সার উত্তোলন ও বিপণনের কাজ চালিয়ে যাবেন। তবে ডিও (ডেলিভারি অর্ডার) নিয়েও যারা সার উত্তোলন করছেন না কিংবা গোডাউনে আটকে রাখছেন, তাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
কৃষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে চাহিদার চেয়েও প্রায় দেড় গুণ বেশি রাসায়নিক সার মজুত রয়েছে। বিশেষ করে আলু চাষিদের এখনই আগাম সার কিনে ঘরে না রাখার অনুরোধ জানান তিনি, কারণ এতে বাজারে অহেতুক চাপ তৈরি হতে পারে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই পরবর্তী মাসগুলোর প্রয়োজনীয় সার দেশের প্রতিটি জেলায় পৌঁছে যাবে।
দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে মীর শাহে আলম বলেন, কমিশন বাড়ানোর প্রস্তাবনায় প্রধানমন্ত্রী নীতিগত সায় দিয়েছেন। দ্রুতই অর্থ বিভাগের সম্মতিতে নতুন কমিশন হার কার্যকর করা হবে। পরিদর্শনকালে বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৫০ বার পড়া হয়েছে